পুলিশের হাত থেকে পালাতে নদীতে ঝাঁপ । নৌকায় ধাওয়া করে দু’জনকে ধরে পুলিশ, অভিযানে আহত দুই কর্মী।
কে আর সি টাইমস ডেস্ক
কাছাড়: পুলিশের হাত থেকে পালাতে বরাক নদীতে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হল না দুই বাংলাদেশি নাগরিকের। কাছাড় জেলার হরিনগর পার্ট-৩ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে কাটিগড়া পুলিশ। ধাওয়া করার সময় দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে খবর, সীমান্তবর্তী ওই এলাকায় জিয়াউর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে দুই বাংলাদেশি নাগরিকের থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িতে পৌঁছতেই অভিযুক্ত দু’জন পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা বরাক নদীতে ঝাঁপ দেন।
এর পর নৌকা নিয়ে নদীতে ধাওয়া শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত দু’জনকেই আটক করতে সক্ষম হন কর্মীরা। অভিযানের সময় দুই পুলিশকর্মী আহত হন বলে জানা গিয়েছে।
ধৃতদের নাম সলমন আহমেদ (২২) এবং রাসেল আহমেদ (৩৫)। দু’জনেই বাংলাদেশের জকিগঞ্জ এলাকার আমানসিদ অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ধৃতদের ভারতে প্রবেশের পথ, কত দিন ধরে তাঁরা এলাকায় ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।


