মণিপুরে সন্দেহজনক খাদ্যে অসুস্থ ৮১ বিএসএফ জওয়ান, হাসপাতালে ৩ গাড়িচালকও

< 1 - মিনিট |

বিএসএফের একটি সম্পূর্ণ কোম্পানির সদস্যদের বমির উপসর্গ নিয়ে হাসপাতালের বহির্বিভাগে আনা হয়েছিল। চিকিৎসায় তাঁরা সাড়া দিচ্ছেন এবং পর্যাপ্ত তরল দেওয়া হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি

কে আর সি টাইমস ডেস্ক

ইম্ফল: প্রাতরাশ খাওয়ার পর বমি শুরু হওয়ায় মণিপুরে ৮১ জন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ান এবং তিন জন বেসরকারি গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (রিমস) তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হলেও অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি।

জানা গিয়েছে, প্রাতরাশে পুরি ও সবজি খাওয়ার পর জওয়ানদের বারবার বমি হতে শুরু করে। এরপর তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রিমসের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অধ্যাপক রমেশ্বর সিং সংবাদ সংস্থা এএনআই-কে জানান, বিএসএফের একটি সম্পূর্ণ কোম্পানির সদস্যদের বমির উপসর্গ নিয়ে হাসপাতালের বহির্বিভাগে আনা হয়েছিল। চিকিৎসায় তাঁরা সাড়া দিচ্ছেন এবং পর্যাপ্ত তরল দেওয়া হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

আক্রান্ত জওয়ানরা বিএসএফের ৫৮ নম্বর ব্যাটালিয়নের ডি কোম্পানির সদস্য বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ইম্ফল পশ্চিম জেলার লামসাং থানার আওতাধীন এলাকায় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন তাঁরা।

হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁদের চিকিৎসা ও শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। প্রাথমিকভাবে সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কোন্থৌজামও হাসপাতালে গিয়ে অসুস্থ জওয়ানদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা থাকলেও ঠিক কোন খাবার বা উপাদান থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে বিএসএফের তরফে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *