দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকা সংস্থার এই উদ্যোগকে ব্যতিক্রমী ও মানবিক বলে উল্লেখ করা হয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর | শনিবার মহাসপ্তমীর সকালে সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে ছন্দনীড় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা এক বিশেষ সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে। জেল রোড বাজারে রাস্তার পাশে ফুল বিক্রি করে এবং মাছ বিক্রেতার পাশে বসে মাছ কেটে জীবিকা নির্বাহ করা কয়েকজন দুঃস্থ মহিলাকে সংস্থার পক্ষ থেকে শাড়ি-কাপড়সহ সামান্য উপহার তুলে দেওয়া হয়।
দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকা সংস্থার এই উদ্যোগকে ব্যতিক্রমী ও মানবিক বলে উল্লেখ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসার চালানো সাধারণ মানুষদের পরিশ্রম ও জীবনসংগ্রামের প্রতি সম্মান জানানোর জন্যই মহাসপ্তমীর দিনে এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নীলোৎপল চক্রবর্তী, সহ-সভাপতি কানাইলাল দাস, উপদেষ্টা পি. এন. ব্রহ্ম, সামাজিক ব্যক্তিত্ব ও সংস্থার প্রচার সচিব পার্থশীল প্রমুখ। এই উপলক্ষে সংস্থার সম্পাদক ভাস্কর দাস বলেন, মহাসপ্তমী উপলক্ষে ছন্দনীড় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা পরিশ্রমী ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর এক বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এটি সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার একটি ছোট উদ্যোগ। ভবিষ্যতেও সংস্থা মানুষের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতা পালনে কাজ চালিয়ে যাবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিশিষ্ট সংগীতশিল্পী হরি দাস। তাঁকেও উপহার ও অর্থসহ সম্মান জানানো হয়। হরি দাস বলেন, মহাসপ্তমী উপলক্ষে ছন্দনীড় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সদস্যরা তাঁকে এই উপহার তুলে দিয়ে সম্মান জানিয়েছেন, তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি সংস্থার প্রত্যেক সদস্যের উন্নতি ও মঙ্গল কামনা করেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই সামান্য উপহার হয়তো কারও জীবনে বড় পরিবর্তন আনবে না, কিন্তু তা পরিশ্রমী মানুষদের প্রতি সম্মান ও পাশে থাকার এক মানবিক বার্তা পৌঁছে দেবে।



