মিজোরামে ৫ অক্টোবর অমিত শাহ, একাধিক প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা

< 1 - মিনিট |

প্রস্তাবিত সফর ঘিরে প্রস্তুতি শুরু; লেংপুই থেকে আইজলের ফ্যালকন এলাকার পথে যানবাহন চলাচল ও পার্কিংয়ে বিধিনিষেধ

কে আর সি টাইমস ডেস্ক

আইজল:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৫ অক্টোবর মিজোরাম সফরে আসতে পারেন। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন। সফরের বিস্তারিত কর্মসূচি এখনও হাতে না এলেও, একাধিক সরকারি প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

বিশেষ করে মিজোরামের সমবায় দফতরের আওতায় নেওয়া কয়েকটি প্রকল্প শাহের সফরের সময় উদ্বোধন করা হতে পারে। তবে চূড়ান্ত কর্মসূচি দিল্লি থেকে আসার পরই তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে আইজলের জেলাশাসক লালহরিয়াতপুইয়া একটি নির্দেশ জারি করেছেন। ৫ অক্টোবর লেংপুই থেকে ফ্যালকন এলাকার যুব বিনোদন কেন্দ্র পর্যন্ত নির্দিষ্ট পথে যানবাহন পার্কিংয়ের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্দেশে বলা হয়েছে, এমনভাবে কোনও গাড়ি রাখা যাবে না যাতে রাস্তা আটকে যায় বা স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের চলাচলে বাধা তৈরি হয়। নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবে ওই পথের পাশে থাকা সমস্ত পেট্রোল পাম্পও ৫ অক্টোবর বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

অমিত শাহের সফরের চূড়ান্ত সময়সূচি এবং কোন কোন প্রকল্প উদ্বোধন হবে, তা সরকারি কর্মসূচি হাতে আসার পর জানানো হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *