বিজেপির ৪২ প্রার্থীর পক্ষে প্রচার মুখ্যমন্ত্রীর; রাস্তা, পানীয় জল, সিসিটিভি ও অপরাধ নিয়ন্ত্রণে একাধিক পরিকল্পনার ঘোষণা
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর: শিলচর পুরনিগম নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমে ‘ক্লিন সুইপ’-এর ডাক দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে দলীয় সভায় তিনি ঘোষণা করেন, বিজেপি প্রার্থীরা জয়ী হলে পুরনিগমের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে ১ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হবে।
শিলচর পুরনিগমের ৪২টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থী দিয়েছে। এর মধ্যে দু’টি ওয়ার্ডে দলের প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। বাকি ৪০টি ওয়ার্ডেও বিজেপি-এনডিএ প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী।
সভায় হিমন্ত বলেন, তাঁর মতে বিজেপি ৩০-৩৫টি আসন জিততে পারে, তবে তিনি ভোটারদের কাছে জোটকে সবক’টি আসনে জয়ী করার আবেদন জানাচ্ছেন।
প্রতি ওয়ার্ডে ১ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি শিলচর পুরনিগমকে আলাদা তহবিল দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ওই অর্থ দিয়ে পুরনিগম নিজের উদ্যোগে ছোটখাটো উন্নয়নমূলক কাজ করতে পারবে।
শিলচরের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে হিমন্ত যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ জোর দেন। তাঁর দাবি, সড়ক, রেল ও বিমান যোগাযোগের উন্নয়ন হলে বরাক উপত্যকার অর্থনীতি ও জনজীবনে পরিবর্তন আরও দ্রুত হবে।
মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলির কথা তুলে ধরেন, তার মধ্যে রয়েছে শিলচর থেকে গুয়াহাটি হয়ে শিলিগুড়ি পর্যন্ত প্রস্তাবিত সুপার এক্সপ্রেস করিডর, ডিমা হাসাও এড়িয়ে নতুন রেলপথ এবং ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর। তাঁর কথায়, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে উন্নয়নের গতি নিজে থেকেই বাড়বে।
নগর পরিষেবার ক্ষেত্রেও একাধিক প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। পুরনিগম এলাকায় রাস্তার উন্নয়ন, পানীয় জলের প্রকল্প, সিসিটিভি ক্যামেরা বসানো এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সভায় কংগ্রেসকেও নিশানা করেন হিমন্ত। পাশাপাশি অসমে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এপ্রিলের বিধানসভা নির্বাচনে এনডিএ ১২৬টির মধ্যে ১০২টি আসনে জয় পেয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী পাঁচ বছরে সরকারের লক্ষ্য উন্নয়ন ও সুশাসনের উপর জোর দেওয়া।
প্রার্থীদের নথিপত্র নিয়ে ওঠা অভিযোগের প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, কোনও প্রার্থী ভুয়ো শংসাপত্র জমা দিয়েছেন বলে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডও হতে পারে বলে জানান তিনি।
দুর্গাপুজোর সময় ফের শিলচরে আসার কথাও জানান মুখ্যমন্ত্রী। সভা থেকে তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে এবং শিলচরে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার চেষ্টা চলবে।
শিলচর পুরনিগমের ভোট হবে ৩ অক্টোবর, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগণনা ৬ অক্টোবর।


