টানা ভারী বৃষ্টির জেরে গ্যালশিং জেলায় ধস; এখনও পর্যন্ত হতাহতের খবর নেই, সতর্ক প্রশাসন
কে আর সি টাইমস ডেস্ক
গ্যাংটক: টানা ভারী বৃষ্টির মধ্যে সিকিমের গ্যালশিং জেলার রিম্বি গ্রামে ভয়াবহ ধস নামল। বৃহস্পতিবার গভীর রাতে নেমে আসা এই ধসে বেশ কয়েকটি বাড়ি, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রিম্বি এলাকাটি ইয়ুকসোম-তাশিডিং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাটির স্থিতিশীলতা নিয়ে সমস্যা রয়েছে। এর আগে অগস্ট মাসেও সেখানে সক্রিয় ধসের জেরে ১৫০-র বেশি মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
সাম্প্রতিক ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। বাসিন্দাদের নিরাপত্তাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করে তিনি প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, গ্যাংটকের আবহাওয়া দফতর ইতিমধ্যেই সিকিমের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর গ্যালশিং, নামচি ও সোরেং জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলির কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
গ্যাংটক, মাঙ্গান ও পাকিয়ং জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতেও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর সিকিমের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৭ সেপ্টেম্বরও বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
ভারী বৃষ্টির কারণে নতুন করে ধস নামার আশঙ্কা থাকায় শুক্রবার পর্যন্ত গ্যালশিং, নামচি ও সোরেং জেলার পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে প্রশাসন।


