বিক্ষোভ প্রদর্শনে সামিল সারা রাজ্যের প্রশিক্ষণ প্রাপ্ত জিএনএম নার্সরা
KRC Times Desk
নির্বাচনের আগে স্থায়ী নার্স নিয়োগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার গত ফেব্রুয়ারি মাসে ৬১১৪ জন নার্স নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল৷ আবেদন জমা দেয়ার সময় ছিল ১৭-৩-২১ থেকে ২৬-৩-২১৷ নির্বাচন ঘোষণা হওয়ায় এই নিয়োগ প্রক্রিয়ায় সরকার স্থগিত করে৷ নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় আসার পর এবং নতুন মন্ত্রীসভা গঠন হওয়ার পরেও এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি রাজ্য সরকার৷ ইতিমধ্যে সরকার চুক্তির ভিক্তিতে কিছু নার্স নিয়োগ করেছে৷
অবিলম্বে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে আন্দোলনরত নার্সরা সোমবার সল্টলেক সেক্টর ৫ এ স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়। সারা রাজ্যের প্রশিক্ষণ প্রাপ্ত জিএনএম নার্সরা রাজ্যের হাসপাতালে স্থায়ী নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের কথায়, ভোটের আগে রাজ্য সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নার্সদের নিয়োগ করা হবে। কিন্তু ভোটের এক মাস পেরিয়ে গেলেও মানা হয়নি সেই কথা।
মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে থাকলেও পুলিশি তৎপরতায় সেটা আর হয়ে উঠেনি। বিক্ষোভের কথা জানতে পেরে স্বাস্থ্য ভবনের সামনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ আগেই আটকে দেয় বিক্ষোভকারীদের।অগত্যা স্বাস্থ্য ভবনের পাশে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে বিক্ষোভ দেখান তারা ।


