২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

< 1 - মিনিট |

১৫ অক্টোবর থেকে নতুন এমডিআর কাঠামো কার্যকর হওয়ার কথা; কেন্দ্রের কাছে হলফনামা চাইল প্রধান বিচারপতির বেঞ্চ

কে আর সি টাইমস ডেস্ক

নয়াদিল্লি: ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট বাণিজ্যিক ইউপিআই লেনদেনে প্রস্তাবিত ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর-এর উপর আপাতত স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে এ নিয়ে কেন্দ্রের কাছে নোটিস পাঠিয়ে বিস্তারিত হলফনামা চেয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

আইনজীবী অঞ্জন দত্তের দায়ের করা জনস্বার্থ মামলায় ১৪-১৫ সেপ্টেম্বরের কেন্দ্রীয় বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট বাণিজ্যিক ইউপিআই পেমেন্টে এমডিআর চালুর কথা বলা হয়েছে। নতুন কাঠামো ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ কেন্দ্রকে সমস্ত তথ্য হলফনামার মাধ্যমে জমা দিতে বলেছে। অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়ার বিষয়ে অবশ্য আদালত রাজি হয়নি।

আবেদনকারীর আইনজীবীর যুক্তি, ইউপিআই নগদ লেনদেন ও কালো টাকার প্রবাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নতুন চার্জ চালু হলে ডিজিটাল লেনদেন নিরুৎসাহিত হতে পারে।

কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরামন জানান, গেটওয়ে ব্যবহারকারীদের ৯৬ শতাংশ এই ব্যবস্থার আওতার বাইরে থাকবেন। জরুরি পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ টাকা চার্জের সীমা রাখা হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, এটি কোনও কর বা ফি নয়, বরং শিল্পক্ষেত্রের লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা।

শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী এই চার্জের আইনি চরিত্র এবং বিপুল সংখ্যক নাগরিকের উপর এর প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন। বিষয়টির প্রযুক্তিগত ও আর্থিক দিক হলফনামায় স্পষ্ট করার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *