মূল তদন্তে অভিযুক্ত সাতজনের মধ্যে প্রথম জামিন পেলেন অমৃতপ্রভা; ৫০ হাজার টাকার বন্ড ও সমপরিমাণের দু’টি জামিনদার দিতে হবে, এখনই জেলমুক্তি নয়
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি:অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত অমৃতপ্রভা মহন্তকে জামিন দিল গৌহাটি হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দেয় আদালত। জুবিনের মৃত্যুর মূল মামলায় অভিযুক্ত সাতজনের মধ্যে অমৃতপ্রভাই প্রথম জামিন পেলেন।
বুধবার তাঁর জামিনের আবেদনের শুনানি শেষ হওয়ার পর রায় স্থগিত রেখেছিল আদালত। কয়েক দিন ধরে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনার পর শুক্রবার জামিন মঞ্জুর করা হয়।
গত বছরের ২ অক্টোবর অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) অমৃতপ্রভাকে গ্রেফতার করেছিল। তার পর থেকে তিনি হাফলং জেলে বন্দি রয়েছেন।
৫০ হাজার টাকার বন্ড, দিতে হবে দু’জন জামিনদার
আদালত ৫০ হাজার টাকার বন্ড এবং সমপরিমাণ অর্থের দু’টি জামিনদারের শর্তে অমৃতপ্রভাকে জামিন দিয়েছে। তবে আদালতের নির্দেশ এলেই তাঁর জেলমুক্তি হচ্ছে না। জামিনের বন্ড সংশ্লিষ্ট বিচারিক আদালতে জমা দিয়ে তা গৃহীত হওয়ার পরেই মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।
আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারি কৌঁসুলি জানান, জামিনের নির্দেশের বিস্তারিত কারণ এখনও তাঁদের হাতে আসেনি। পূর্ণাঙ্গ নির্দেশ পাওয়ার পরই আদালতের সিদ্ধান্তের ভিত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তিনি জানান।
জামিনের নির্দেশ চ্যালেঞ্জ করবে কি সরকার?
জামিনের নির্দেশের বিরুদ্ধে উচ্চতর আইনি পদক্ষেপ করা হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। সরকারি কৌঁসুলির বক্তব্য, তিনি নিজে সরাসরি এই নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারবেন না। বিস্তারিত নির্দেশ পাওয়ার পর রাজ্য সরকারকে বিষয়টি জানানো হবে। এর পর সরকার ও পুলিশ বিভাগ পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে।
জুবিন গর্গের মৃত্যু মামলাটি অসমে এখনও অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই পরিস্থিতিতে মূল মামলার অন্যতম অভিযুক্তের জামিনে মুক্তির নির্দেশ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নতুন তাৎপর্য তৈরি করেছে। তবে জামিন পাওয়া মানেই অভিযোগ থেকে অব্যাহতি নয়; মামলার বিচারপ্রক্রিয়া চলবে।


