বন্যার ধাক্কায় পিছোতে পারে অসমের HSLC, উচ্চমাধ্যমিক পরীক্ষা

< 1 - মিনিট |

পরীক্ষার নতুন সূচি এখনও ঘোষণা করা হয়নি। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে HSLC ও উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার তারিখ জানানো হবে

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি:বন্যায় পঠনপাঠন ব্যাহত হওয়ায় অসমে এ বছর মাধ্যমিক (HSLC) ও উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যেতে পারে। রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগু রবিবার এ কথা জানিয়েছেন।

দরং জেলার দেওমরনাইয়ে একটি নতুন শিক্ষা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে পেগু জানান, বন্যার কারণে শিক্ষাবর্ষের স্বাভাবিক ছন্দে প্রভাব পড়েছে। পড়ুয়াদের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সময় দেওয়ার পাশাপাশি নির্ধারিত পাঠ্যক্রম শেষ করার বিষয়টি নিশ্চিত করতেই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে।

অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের (ASSEB) ডিভিশন-১ ইতিমধ্যেই দশম শ্রেণির নিয়মিত পঠনপাঠনের সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে। দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে ৮ মার্চ পর্যন্ত। সাম্প্রতিক বন্যার পাশাপাশি জনগণনা-সংক্রান্ত কাজের প্রভাবও শিক্ষাবর্ষের সময়সূচি পরিবর্তনের অন্যতম কারণ বলে বোর্ড জানিয়েছে।

এর ফলে HSLC ও উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষাও আগের বছরের প্রচলিত সময়ের তুলনায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশোধিত শিক্ষাবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখেই পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে।

তবে পরীক্ষার নতুন সূচি এখনও ঘোষণা করা হয়নি। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে HSLC ও উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার তারিখ জানানো হবে।

দেওমরনাই সফরে শিক্ষামন্ত্রী স্থানীয় চারটি শিক্ষা প্রতিষ্ঠানও পরিদর্শন করেন। দেওমরনাই কলেজ (জুনিয়র), দেওমরনাই গ্র্যাজুয়েট কলেজ, দেওমরনাই গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং দেওমরনাই বি-এড কলেজে গিয়ে তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষা পরিকাঠামো পর্যালোচনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *