মিজোরাম-মনিপুরে৩.৬৮কোটি টাকার মাদক উদ্ধার, ধৃত ৫

< 1 - মিনিট |

এই ঘটনায় প্রথমে অসমের গোয়ালপাড়া জেলার বাসিন্দা রোহিম আলি (২৩) ও আনোয়ার হুসেইন লস্কর (৪৮)-কে গ্রেফতার করা হয়

কে আর সি টাইমস ডেস্ক

আইজল/ইম্ফল:মিজোরাম ও মনিপুরে পৃথক অভিযানে প্রায় ৩.৬৮ কোটি টাকা মূল্যের মেথামফেটামিন ও হেরোইন উদ্ধার করে পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। রবিবার আধিকারিকরা এ কথা জানিয়েছেন।

মিজোরামের সাইতুয়াল জেলায় অসম রাইফেলস ও মিজোরাম পুলিশের যৌথ অভিযানে ২.২৮৫ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ১.৮৩ কোটি টাকা। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

অন্য একটি অভিযানে চম্পাই জেলার জোখাওথার সংলগ্ন এলাকায় ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করে আরও এক সন্দেহভাজন পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৫.৬ লক্ষ টাকা। মায়ানমার সীমান্তের কাছে জোখাওথার দীর্ঘদিন ধরেই মাদক পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত।

এদিকে মনিপুরের সেনাপতি জেলায় রাজ্য পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF) এবং অসম রাইফেলসের যৌথ অভিযানে ২.৩ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। মাদকগুলি ১০টি প্যাকেটে রাখা ছিল এবং এর আনুমানিক মূল্য ১.৮০ কোটি টাকা।

এই ঘটনায় প্রথমে অসমের গোয়ালপাড়া জেলার বাসিন্দা রোহিম আলি (২৩) ও আনোয়ার হুসেইন লস্কর (৪৮)-কে গ্রেফতার করা হয়। তদন্তে তাদের কথিত সহযোগী ইম্ফলের মাইয়াই লেইকাইয়ের বাসিন্দা মহম্মদ নওয়াজ খানকেও গ্রেফতার করা হয়েছে।

অভিযানে একটি এসইউভি এবং নগদ ৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনোপ্রভাবী পদার্থ আইন (NDPS Act), ১৯৮৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মায়ানমারের সঙ্গে দীর্ঘ ও বেশিরভাগ অংশে অরক্ষিত সীমান্ত এবং গোল্ডেন ট্রায়াঙ্গলের নিকটবর্তী অবস্থানের কারণে উত্তর-পূর্বাঞ্চল মাদক পাচারের গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয় বলে নিরাপত্তা সংস্থাগুলির দাবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *