করোনাভাইরাসের আতঙ্কের জেরে শুক্রবার ধস নামল ভারতের শেয়ার বাজারে
কে আর সি টাইমস ডেস্ক
করোনাভাইরাসের আতঙ্কের জেরে শুক্রবার ধস নামল ভারতের শেয়ার বাজারে। বিশ্বের বাজারে প্রভাবের জেরে এদিন রেকর্ড ১,০৮৩.৮৫ পয়েন্ট পড়ে সেনসেক্স। দিনের শুরুতে প্রায় হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৮,৬৬১.৮১ পয়েন্টে। নিফটিও ৩১২ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১১,৩২১.৩০ পয়েন্টে। ২০১১ সালের পর বিশ্বের বাজারে প্রভাবের জেরে একদিনে এমন রেকর্ড পতন হল ভারতীয় শেয়ার বাজারে।
শেয়ার বাজার বিশেষজ্ঞরা এই দিনকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসাবে চিহ্নিত করেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নোভেল করোনাভাইরাস। করোনা জুজুতে ত্রস্ত চিন-সহ বিশ্বের একাধিক দেশ। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপেও থাবা বসিয়েছে করোনা। করোনার জেরে মার্কিন সূচক ডাউ জোনস পড়েছে ১,১৯০ পয়েন্ট। জার্মানি, জাপানের শেয়ার বাজারেও ধস নেমেছে। বিশ্বের প্রায় সব দেশের শেয়ার বাজারেই প্রভাব পড়েছে করোনা ভাইরাস আতঙ্কের। বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কের জেরেই এই পতন বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীদের আশঙ্কা, করোনাভাইরাসের প্রকোপ মহামারির আকার নিতে পারে। তাই তাঁরা বিভিন্ন প্রকল্প থেকে হাত গুটিয়ে নিচ্ছেন। তার জেরে বিশ্ব বাজারেও নজিরবিহীন পতন দেখা গেল।


