করোনাভাইরাসের উত্সস্থল চিনের উহান এবং হুয়াংগাং শহরে হু হু করে বাড়ছে সংক্রামিত মানুষের সংখ্যা
কে আর সি টাইমস ডেস্ক
করোনাভাইরাস-এর আতঙ্কে কাঁপছে চিন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনাভাইরাসের উত্সস্থল চিনের উহান এবং হুয়াংগাং শহরে হু হু করে বাড়ছে সংক্রামিত মানুষের সংখ্যা। চিনে ইতিমধ্যেই করোনাভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। সংক্রামিত কমপক্ষে ৬০০ মানুষ। চিন ছাড়িয়ে এই ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়াতেও। বিশ্বজুড়েই এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাস রুখতে তত্পর ভারতও।
বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, অসামরিক বিমান মন্ত্রক, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এবং চিনে আমাদের দূতাবাসে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন থেকে আসা প্রতিটি মানুষকে স্ক্রিনিং প্রক্রিয়ার (বিমানবন্দর) মধ্যে দিয়ে যেতে হবে। চিনে উত্পত্তি ছড়িয়ে পড়েছে জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়াতে। এমনকি সুদূর যুক্তরাষ্ট্রের সিয়াটলেও থাবা বসিয়েছে এই ভাইরাস। ভারতের পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি দেশেই। চিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। সংক্রামিত কমপক্ষে ৬০০ মানুষ।


