দু’দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিন, শুক্রবার দেশজুড়ে বিঘ্নিত হল ব্যাঙ্কিং পরিষেবা
কে আর সি টাইমস ডেস্ক
মজুরি বৃদ্ধির দাবি মেটেনি| আলোচনাও ব্যর্থ হয়েছে| তাই ৩১ জানুয়ারি (শুক্রবার) এবং ১ ফেব্রুয়ারি (শনিবার) দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মীদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ)| দু’দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিন, শুক্রবার দেশজুড়ে বিঘ্নিত হল ব্যাঙ্কিং পরিষেবা| ফলে সমস্যার মধ্যে পড়েছেন গ্রাহকরা| এটিএম বন্ধ থাকায় দুর্ভোগ আরও বেড়েছে| স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি এদিন বন্ধ থাকলেও, আইসিআইসিআই এবং এইচডিএফসি-র মতো প্রাইভেট ব্যাঙ্কগুলি খোলা ছিল| প্রাইভেট ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক নিয়মেই কাজ চলেছে|
ব্যাঙ্ক ধর্মঘটের জেরে শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কগুলিতে টাকা তোলা ও জমা দেওয়া-সহ অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হয়েছে| কলকাতা, পাটনা, লখনউ, মুম্বই, চেন্নাই, হায়দরবাদ-সর্বত্রই এদিন ধর্মঘটে সামিল হন ব্যাঙ্ক কর্মীরা| শুক্রবারের পর শনিবার, ১ ফেব্রুয়ারিও ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে যৌথ মঞ্চ| ২ ফেব্রুয়ারি রবিবার হওয়ায় টানা তিন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক| ফলে চরম ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা| শুক্রবার বহু এটিএমও বন্ধ ছিল, তাই ভোগান্তি দ্বিগুণ হয়েছে গ্রাহকদের|
ব্যাঙ্ক কর্মী সংগঠনের নেতাদের দাবি, অনন্ত ১৫ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে| কিন্তু, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন তাতে রাজি হয়নি| তাদের প্রস্তাব ছিল ১২.২৫ শতাংশ| আলোচনা ভেস্তে যাওয়ায় শুক্রবার ও শনিবার দু’দিন ধর্মঘট ডেকেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ)|


