সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে
অজিত দাস
শিলচর : বকেয়া অর্থ না পেলেও নির্বাচনে কাজ করার সিদ্ধান্ত ইভেন্ট ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।শিলচরে ইভেন্ট ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অভিযোগ অনুযায়ী ডঃ রাজদীপ রায় সাংসদ থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কাজ করিয়ে এখনো পর্যন্ত বকেয়া অর্থ পরিশোধ করেননি। এই পরিস্থিতিতে আসন্ন ২০২৬ সালের নির্বাচনে কোনো ধরনের অনুষ্ঠানে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাসোসিয়েশন।
তবে পরবর্তীতে শিলচর শহরের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টি মাথায় রেখে অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তারা জানান, বকেয়া অর্থ না পেলেও বৃহত্তর স্বার্থে আসন্ন নির্বাচনে কাজ করবেন।
এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে।



