এসআইআরে নাগাল্যান্ডে বাদ ১.৫৯ লাখ ভোটারের নাম, খসড়ায় রইল ১১.৯৯ লাখ

< 1 - মিনিট |

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, এসআইআর চলাকালীন আগের তালিকায় থাকা ২৯,৯৪৪ জন ভোটারের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া প্রায় ১.২৩ লাখ ভোটারকে অনুপস্থিত বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কে আর সি টাইমস ডেস্ক

কোহিমা:বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের পর রবিবার নাগাল্যান্ডের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাক্-এসআইআর তালিকায় থাকা ১৩.৫৭ লাখ ভোটারের মধ্যে প্রায় ১.৫৯ লাখের নাম খসড়া তালিকায় রাখা হয়নি। নতুন তালিকায় মোট ভোটার রয়েছেন প্রায় ১১.৯৯ লাখ।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, এসআইআর চলাকালীন আগের তালিকায় থাকা ২৯,৯৪৪ জন ভোটারের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া প্রায় ১.২৩ লাখ ভোটারকে অনুপস্থিত বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাধিক জায়গায় নাম থাকা ৫,০৫৯ জন ভোটারের তথ্যও পাওয়া গেছে।

রাজ্যে ভোটার তালিকার এসআইআরের গণনা পর্ব ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলে। নির্বাচনী দফতরের মতে, অনুপস্থিত, অন্যত্র চলে যাওয়া বা অন্যান্য শ্রেণির মধ্যে এমন ভোটার রয়েছেন, যাঁরা অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছেন, যাঁদের নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, ১৪ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় ফর্ম জমা দেননি অথবা নতুন করে নথিভুক্ত হতে আগ্রহী নন।

খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্টরা দাবি বা আপত্তি জমা দিতে পারবেন।

নির্বাচন দফতর জানিয়েছে, দাবি ও আপত্তি যাচাই এবং নিষ্পত্তির প্রক্রিয়া ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। এরপর ২২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *