মণিপুরের চার সিভিল সার্ভিস আধিকারিক আইএএসে

< 1 - মিনিট |

নতুন আইএএস আধিকারিকরা হলেন এ. রোমিতা দেবী, কে. বোনো সিং, খ. লালমণি সিং এবং এইচ. বালকৃষ্ণ সিং

কে আর সি টাইমস ডেস্ক

ইম্ফল:মণিপুর সিভিল সার্ভিসের চার আধিকারিককে ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা আইএএসে নিয়োগ করল কেন্দ্র। তাঁদের মণিপুর ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের সিলেক্ট লিস্টের শূন্যপদের ভিত্তিতে এই নিয়োগ করা হয়েছে।

নতুন আইএএস আধিকারিকরা হলেন এ. রোমিতা দেবী, কে. বোনো সিং, খ. লালমণি সিং এবং এইচ. বালকৃষ্ণ সিং। বর্তমানে তাঁরা রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

রোমিতা দেবী অতিরিক্ত সচিব হিসেবে খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দফতর এবং এসসিইআরটির দায়িত্বে রয়েছেন। বোনো সিং অতিরিক্ত সচিব হিসেবে পূর্ত ও স্কুল শিক্ষা দফতরে কাজ করছেন। লালমণি সিং মণিপুর পাবলিক সার্ভিস কমিশনের সচিব। বালকৃষ্ণ সিং অতিরিক্ত সচিব হিসেবে স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের দায়িত্বে থাকার পাশাপাশি লোকটাক ডেভেলপমেন্ট অথরিটির প্রকল্প অধিকর্তা।

১৮ সেপ্টেম্বর জারি করা কেন্দ্রীয় সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৫৪ সালের আইএএস নিয়োগ ও প্রবেশন সংক্রান্ত বিধির আওতায় তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। মণিপুর সরকারের সঙ্গে পরামর্শ করেই ২০২৪ সালের সিলেক্ট লিস্টের শূন্যপদ নির্ধারণ করা হয়েছিল।

নিয়োগের পর আধিকারিকদের প্রবেশনারি হিসেবে রাখা হয়েছে। তাঁদের মণিপুর ক্যাডারেই দায়িত্ব দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *