কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাছাড় জেলা ভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হয় শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে। দলের জেলা কমিটির প্রবীণ সদস্য শ্যামদেও কুর্মীর সভাপতিত্বে পরিচালিত সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য কান্তিময় দেব। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন দলের সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য ভবতোষ চক্রবর্তী।

সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষ ও দলের প্রতিষ্ঠা দিবস ২৪ শে এপ্রিলের উপর সঙ্গীত পরিবেশন করেন দলের সঙ্গীত গোষ্ঠী। সমাবেশের সভাপতি শ্যামদেও কুর্মীর সংক্ষিপ্ত বক্তব্যের পর মুখ্য বক্তা তাঁর বক্তব্যে বলেন যে ১৯৪৮ সালের ২৪ এপ্ৰিল পশ্চিমবঙ্গের জয়নগরে হাতে গোনা কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে একটি অভিবর্তনের মাধ্যমে এযুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষ এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দল প্রতিষ্ঠা করেছিলেন।

মার্ক্সবাদ- লেনিনবাদের সঠিক উপলব্ধির মধ্য দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতের অবিভক্ত কমিউনিস্ট পার্টি প্রকৃত কমিউনিস্ট পার্টি হিসেবে গড়ে উঠেনি। তিনি ব্যাখ্যা করে দেখিয়েছিলেন যে ভারতের রাষ্ট্র ক্ষমতা দেশের পুঁজিপতিদের হাতে চলে গেলেও তা উপলব্ধি করতে না পেরে সি পি আই নামক দলটির তদানীন্তন নেতৃত্বের আত্মত্যাগ সত্ত্বেও তা একটি সঠিক বিপ্লবী দল হিসেবে গড়ে উঠতে পারেনি। ফলে মাৰ্ক্সবাদ – লেনিনবাদের ভিত্তিতে সঠিক কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে না পারলে গণমুক্তি আসবে না। তাই তিনি একটি ভিন্ন ধরনের বিপ্লবী দলের জন্ম দেন।

সংবাদ 2 – গ্লোবেল সোশ্যাল অর্গানাইজেশন ও শিলচর সদর থানার অধীন গ্রাম রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে বুধবার শহরতলি রামনগরে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হল ইফতার পার্টি। এতে উপস্থিত ছিলেন ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু ও খ্রিস্টান ধর্মের লোকরাও। ইফতারের আগে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক কমিটির তরফে সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর জানান, প্রতি বছর তাঁরা এভাবে সম্প্রীতি লক্ষ্যে ইফতার পার্টির আয়োজন করেন।

এতে উভয় ধর্মের বিশিষ্টজনেরা উপস্থিত থাকেন। এদিন ইফতার অনুষ্ঠানে শান্তি সম্প্রীতির লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নতের কার্যকরী সভাপতি মওলানা মবরুর আহমেদ বড়ভুইয়া। মনির উদ্দিন মাঝারভূঁইয়ার পৌরহিত্যে ইফতারের আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ভিডিপি জেলা ডেপুটি এডভাইজার অমিয় কান্তি দাস, প্রাক্তন জেলা পরিষদের সিইও রসরাজ দাস, ডন বস্কের রেক্টর ফাথার্স টমাস, প্রিন্সিপাল ফাথার্স সুরজিৎ টিগা, বাংলাঘাট আখড়ার সেবাহিক রাধা মাধব মিশ্র, শিলচর সদর থানার ওসি অমৃত কুমার সিংহ।

সংবাদ 3- আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ ও ইউটিডিসির সভাপতি সঞ্জীব দেবনাথের ব্যবস্থাপনায় বুধবার শিলচর প্রেস ক্লাবে ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন সহ জেলার বিভিন্ন বিশিষ্ট সাংবাদিরা উপস্থিত ছিলেন। প্রথমে ইফতার পার্টি উপলক্ষে শিলচর প্রেসক্লাবে “রমজান এবং মানবিকতাবোধ” শীর্ষক বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলোচ্য বিষয়ের উপর নিজের মতামত তুলে ধরার পাশাপাশি রমজানের তাৎপর্য ব্যাখ্যা করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, শরিফুজ্জামান লষ্কর,সঞ্জীব দেবনাথ, শংকর দে, সাংবাদিক বিজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন l

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

সংবাদ 4 – অল কাছাড়, করিমগঞ্জ,হাইলাকান্দি স্টুডেন্টস এসোসিয়েশন (আকসার) তরফে বুধবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে,শিলচর এনআইটি বর্তমানে নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছে।

ছাত্র ছাত্রীদের নেশার কবল থেকে সরিয়ে আনতে একটি হাই পাওয়ার কমিটি গঠন করার দাবি জানিয়ে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান,গত ৩১ ডিসেম্বর এনআইটির মারপিট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এনআইটি কর্তৃপক্ষ।

আকসার তরফে চুড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ার পর চাপে পড়ে এনআইটি কর্তৃপক্ষ বিলম্বে হলেও অভিযুক্ত ২০ জন ছাত্রের মধ্যে কাউকে সেমিষ্টার থেকে বহিষ্কার করেছে এবং কাউকে ওয়ারনিং লেটার প্রদান করেছে।

এনআইটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরও জানান,বিগত দিনে শিলচর এনআইটিতে যা ঘটনা ঘটেছে তা যথেষ্ট, আগামীতে শিলচর এনআইটি যাতে আর কালিমা লিপ্ত না হয় তার জন্য এদিন কড়া ভাষায় হুশিয়ারি দিয়ে এনআইটি কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আকসা।

সংবাদ 5 – করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান চলবে তিনদিন। বুধবার ছিল প্রথম দিন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য রাজীব মোহন পন্থ। পরবর্তীতে অতিথিদের বক্তব্য ফুটে উঠে ঐতিহাসিক করিমগঞ্জ কলেজের বিভিন্ন দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ, শিলচর এন আই টি সঞ্চালক রজত গুপ্ত, এএসটিসি’র চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, প্রাক্তন দুই বিধায়ক সহ অন্যরা। অন্যদিকে কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কলেজ পড়ুয়ারা বিভিন্ন প্রদর্শনমূলক কার্যক্রম তুলে ধরে যা সবাইকে আকর্ষিত করে। ২১ এপ্রিল অবধি চলবে প্ল্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান।

Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *