এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কাছাড় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল মঙ্গলবার শিলচর পানপট্টি স্থিত এপিডিসিএল কার্যালয়ে গিয়ে এডিজিএমের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের কর্মকর্তারা জানান, এপিডিসিএলকে বেসরকারিকরণের ষড়যন্ত্র চালাচ্ছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকার এই ষড়যন্ত্রের পেছনে জড়িত থাকার অভিযোগ করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা।এপিডিসিএলের মালিকানা শীঘ্রই আম্বানী ও আদানির হাতে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন দলীয় নেতৃবৃন্দরা।
বর্তমানে পুঁজিপতিদের সহায়তায় এগিয়ে এসেছে কেন্দ্র ও রাজ্য সরকার। দলের কর্মকর্তারা জানান ২০২১ সালে ভারত সরকারের তরফে একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেটিকে বাস্তবায়ন করতে সরকার আজ উঠেপড়ে লেগেছে। কনজিউমার এক্টের বিরুদ্ধে সরকার কাজ করছে বলেও এদিন অভিযোগ করেছেন তাঁরা। সরকার পোষ্টপেইড ও প্রিপেইড প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের হয়রানি করার পাশাপাশি ডিজিটাল লুট চালাচ্ছে বলেও এদিন কড়া ভাষায় মন্তব্য করেছেন কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দরা।
সংবাদ 2 – ভারতীয় সংবিধানের ৩৪৭ নম্বর অনুচ্ছেদের অধীনে মণিপুরী ভাষাকে আসামের সহযোগী সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মারফৎ আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করল মণিপুরী ইউথ ফ্রন্ট অফ আসাম। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান,রাজ্যের ১৩টি ডিগ্রী কলেজে মণিপুরী ওনার্স নিয়ে পড়াশোনা করার পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয়ে মণিপুরী বিভাগকে আলাদা করে ছাত্রছাত্রীরা এম.এ.ও ডক্টোরেট ডিগ্রী অর্জন করেছে।
কিন্তু ২০১৯ এর ৫ আগষ্ট রাজ্য সরকারের তরফে একটি আইন পাশ করে বরাকে বাংলা,ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়া ও বড়ল্যাণ্ডে বড় ভাষায় সরকারি চাকুরির ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যার দরুন বরাকের যেসব ছাত্রছাত্রীরা মণিপুরী ভাষায় বিভিন্ন ডিগ্রী অর্জন করেছে তাঁরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়ে বর্তমানে ঘরে বসে আছে বলে এদিন জানিয়েছেন তাঁরা। সরকারি আইনের বিরোধিতা করে মাইফার কর্মকর্তারা মণিপুরী ভাষাকে আসামের সহকারী সহযোগি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার এদিন সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
সংবাদ 3 – লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে শালগঙ্গা ব্রজাদিত্য সেবা সংস্থার ব্যবস্থাপনায় এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শালগঙ্গা ব্রজপুর বিদ্যা নিকেতনে আয়োজিত শিবিরে লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেন। চোখের ছানি শনাক্তকরণ শিবিরে কয়েকশতাধিক রোগী চিকিৎসা সেবার সুযোগ লাভ করেছেন। অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জানান আয়োজকরা। ডাঃ প্রবীন সিং সহ অন্য চিকিৎসক রোগীদের পরীক্ষা করেন। এছাড়াও নার্স শম্পা পাল, টেকনিশিয়ান রাতুল বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রজাদিত্য সেবা সংস্থার সভাপতি বরেণ্য গোস্বামী শিবিরের উদ্দেশ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।
সংবাদ 4- মঙ্গলবার শিলচর চিরুকান্দি রোড স্থিত শ্রীশ্রী ভৈরব সংস্কৃত বিদ্যালয়ে কুমার ভাস্কর বার্মা সংস্কৃত এবং সরকারি পুরাতন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের নির্দেশে সংস্কৃত ভাষা শিক্ষা এবং প্রসারের জন্য দশ দিবসীয় উচ্চারিত সংস্কৃত কর্মশালা গত ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয় এবং ১১ এপ্রিল প্রথমে দেবী সরস্বতীর মূর্তিতে পূষ্পাজ্ঞ নিবেদন ও মাঙ্গলিক পঞ্চ প্রদীপ প্রজ্বলন করা হয় । এদিন কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সভার সভাপতি সমরেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন, সংস্কৃত ভাষাকে আমাদের জীবনে ধরে রাখতে হবে,সংস্কৃত ভাষা সবচেয়ে পুরাতন একটি ভাষা। প্রধান আচার্য পূরবী ভট্টাচার্য বলেন, সনাতন ভাষাকে জানার প্রয়োজনীয়তা রয়েছে, সংস্কৃত ভাষা যেমন মানুষকে জ্ঞানে অর্জনের দিকে নিয়ে যায়, তেমনি অন্য ভাষাকে সম্মান জানাতেও শিখায়।সুকমল ভট্টাচার্য বলেন, বর্তমান দিনে সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও সবাই সংস্কৃত নিয়ে বিভিন্ন বক্তারা নিজ নিজ মতামত ব্যক্ত করেন ।
সংবাদ 5 – অবৈধ বার্মিজ সুপারি বোঝাই লরি ধরিয়ে দেওয়ার সন্দেহে চৌরঙ্গীতে যুবককে মারধরের অভিযোগ অবৈধ কারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার ময়নারপারের বছর চব্বিশের এক যুবক কাটিগড়া থানা সম্মুখে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে জানান, কাটিগড়া থেকে চৌরঙ্গী যাবার পথে বদরপুরের পাঁচ যুবক যারা অবৈধ বার্মিজ সুপারি পাচারের সঙ্গে জড়িত, তারা তাকে চৌরঙ্গীতে আটক করে মারপিট করতে শুরু করে। পুলিশকে খবর দিয়ে বার্মিজ সুপারি লরি ধরিয়ে দেওয়ার সন্দেহে ওই বার্মিজ সুপারি কারবারিরা তার উপর আক্রমন করে বলে অভিযোগ করেন ময়নারপারের আক্রান্ত যুবক। তিনি এমর্মে কাটিগড়া পুলিশের সহযোগিতায় নিবেন বলে জানান।
সংবাদ 6 – নামজারির নামে ঘুষের রমরমা ব্যবসা ও দালালি করিমগঞ্জ সদর সার্কেল কার্যালয়ে। আমিন গৌতম দামের পর এবারে সদর সার্কলের বড় বাবুর বিরুদ্বে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠলো। মাত্র পাঁচ টাকার একটি চালানের কাগজের বিনিময়ে পাঁচশো টাকা উৎকোচ দাবি করার অভিযোগ ওঠলো কার্যালয়ের বড়বাবু বিমল নাথের বিরুদ্বে। মঙ্গলবার দুপুরে ঘুষ নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে সার্কল অফিসার অন্তরা সেনকেও বেশকিছু সময় ঘেরাও করে রাখেন ভুক্তভোগী জনগণ। যদিও উত্তেজিত জনতাকে শান্ত করতে বিহীত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরই ঘেরাও মুক্ত হোন সদর সার্কল অফিসার অন্তরা সেন।
অন্যদিকে ভুক্তভোগী আকদ্দছ আলি নামের এক ব্যক্তির অভিযোগ, কার্যালয়েরই জনৈক হারুন নামের এক দালাল জমির নামজারির বিনিময়ে কুড়ি হাজার টাকা দাবি করে আজ থেকে কয়েকদিন আগে। কথা অনুযায়ী অগ্রীম পনেরো হাজার টাকা দিলেও আজ অবধি কিছুই হয়নি। তিনি বলেন, হারুন নামের লোকটি আসলেই দালাল। কর্মীদের যোগসাজসেই সার্কেল অফিসে ঘুষের রমরমা বানিজ্য চলছে।


