এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – অরুনোদয় প্রকল্পের তালিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নরসিংপুর উন্নয়ন খন্ডের অধীন পুটিখাল জিপি এলাকাজুড়ে । জিপি এলাকার দরিদ্র হিতাধিকারীদের বঞ্চিত করে পঞ্চায়েত কর্তারা তাদের পরিবারের লোক, নিকটাত্মীয় এবং ধনী লোকদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করেছেন বলে প্রচুর অভিযোগ উঠেছে। শুক্রবার নরসিংপুর উন্নয়ন খন্ডের বিডিওর মধ্যমে সদর সার্কেল অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে জিপির পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন শতাধিক অভিযোগকারী।
এদিন হরিমোহন কৈরি, গোকুল নুনিয়া, ধীরেন কৈরি, আবুল হোসেন সহ অন্যরা বলেন, সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতি করার জন্য গত সাড়ে চার বছরে পুটিখাল জিপিতে কোনও প্রকাশ্য গ্রামসভা করেন নি পঞ্চায়েত কর্তারা। পক্ষপাতপূর্ন অরুনোদয়ের তালিকাটি অবিলম্বে বাতিল করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আদালতে মামলা দায়ের করারও হুমকি দেন অভিযোগকারীরা ।
সংবাদ 2- হিলাড়া পেট্রল পাম্পের পাশ থেকে বার্মিজ সিগারেট বোঝাই করে মেঘালয় নিয়ে যাবার পথে কালাইনছড়ায় ধরা পড়লো একটি গাড়ি। সঙ্গে আটক হয়েছে নগাও মোকালমুয়ার জয়েন আলি নামের চালক। জেরার মুখে জয়েন জানিয়েছে, হিলাড়া পেট্রল পাম্পের পাশের চা-বাগানের ভেতর থেকে বার্মিজ সিগারেটের কার্টন গুলি মেঘালয় পাচার করার জন্য গাড়িতে লোড করা হয়েছিল।
সংবাদ 3 – গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে করিমগঞ্জ জেলার বদরপুর পুলিশের নাকা চেকিংয়ে মিজোরাম থেকে করিমগঞ্জ অভিমুখে আসা একটি দশ চাকার লরির গোপন চেম্বার থেকে দুই টন পঁচিশ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। যার কালো বাজারী মূল্য দশ লক্ষাধিক টাকার উপরে হবে বলে অনুমান। লরির সাথে রাতাবাড়ির আনিপুরের বাসিন্দা জাহিরুল হক নামক লরি চালককে গ্রেফতার করা হয়। এমর্মে করিমগঞ্জ জেলা প্রশাসনের সদর ডিএসপি গীতার্থদেব শর্মা জানান, ধৃত চালককে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইবে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার কাণ্ডে জড়িত অন্যদের হদিস বের করা হবে।
সংবাদ 4- করিমগঞ্জ শহরে ট্রাফিক জ্যাম হ্রাস করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে করিমগঞ্জ জেলা প্রশাসন । এ মর্মে শুক্রবার করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয় । এতে করিমগঞ্জের পুলিশ সুপার পাৰ্থ প্ৰতিম দাস, সদর থানার ওসি ভূপেন দিহিংগিয়া, ট্রাফিক , পরিবহন বিভাগের আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার , জেলার বিভিন্ন যানবাহন সংস্থার কর্মকর্তাদের সাথে টুকটুক সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। করিমগঞ্জ শহরে যানযট নিরসনের লক্ষে একাধীক প্রস্তাব গৃহীত হয় সভায় ।
বিশেষ করে পঞ্জীয়ন বর্হিভূত ইরিক্সাগুলি শহরে প্রবেশ করতে দেওয়া হবে না । এছাড়াও পার্কিং সমস্যা সমাধানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ।তাছাড়া বহিঃরাজ্য থেকে যাত্রিবাহী বাসগুলি করিমগঞ্জ বাইপাস দিয়ে যাতায়াতের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।এছাড়াও অবৈধভাবে ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে । সর্বপরী শহরের যানযট নিরসনের জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন জেলাশাসক মৃদুল যাদব । এদিনের এই সভায় করিমগঞ্জ পুরসভার পৌরপতি রবীন্দ্র চন্দ্রদেব, সদর সার্কেল অফিসার অন্তরা সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

সংবাদ 5 – বিজেপি সাংসদ ও ‘রেছলিং ফেডারেশন অফ ইন্ডিয়া’র অধ্যক্ষ বৃজভূষণ সিং কর্তৃক দেশের মহিলা কুস্তিগীরদের উপর চালানো যৌন নির্যাতনের ঘটনার বিরুদ্ধে দিল্লির যন্তরমন্তরে চলা ধর্ণার প্রতি সংহতি জানিয়ে শুক্রবার সারা দেশের সাথে কাছাড় জেলার ধোয়ারবন্দে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয়। প্রতিবাদ দিবসে সামিল সংগঠনের সদস্য সদস্যারা দাবি তুলেন যে বিশ্বের দরবারে গৌরব অর্জনকারী দেশের মহিলা কুস্তিগীরদের উপর চালানো যৌন নির্যাতনের মুখ্য অভিযুক্ত বিজেপি সাংসদকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
সংগঠনের কাছাড় জেলা কমিটির সদস্য তথা ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক সুজিত আকুড়া বলেন, দেশের মহিলা ক্রীড়াবিদদের সন্মান রক্ষার লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের ভূমিকা খুবই ন্যাক্কারজনক। তিনি বলেন, প্রধানমন্ত্রী মুখে বেটি বাঁচাও এর স্লোগান দেন অথচ তাঁর সরকার ধর্ষকদের সাহায্য করে। এ আই ডি ওয়াই ও মহিলাদের উপর সংগঠিত এই অত্যাচারের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের সমর্থনে সারা দেশে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানায়।
সংবাদ 6- রামকৃষ্ণনগর কলেজের প্রেক্ষাগৃহে কলেজের ইতিহাস বিভাগ ও ইতিহাস সংকলন সমিতির যৌথ উদ্যোগে “আনটোল্ট স্টোরিস অব ইন্ডিয়ান” ফ্রিডম মুভমেন্ট বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত বক্তাদের বক্তব্যে ইতিহাসের অনেক অনুল্লেখিত বিষয় উঠে আসে। নেতাজি সুভাষ, রাসবিহারী বসু ও সাভারকার, এই তিনজনের গোপন যোগাযোগে কিভাবে আজাদ হিন্দ বাহিনীর স্বাধীনতা সংগ্রাম বাস্তবায়িত হয়।
এই বিষয়ের উপর আলোকপাত করেন রবীন্দ্র সদন কলেজের অধ্যাপক ড.নিলাঞ্জন দে । অপরিনামদর্শি দেশভাগের ফলে কিভাবে করিমগঞ্জের সাড়ে তিন থানা পাকিস্তানের মুঠোয় চলে যায়। করিমগঞ্জ রাতাবাড়ি বদরপুর ও পাথারকান্দির মানুষের তিনদিন পাকিস্তানের অধিনে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিশিষ্ট লেখক অসিত চক্রবর্তী। চরগোলা এক্সোপোডাস কেন্দ্র করে চা শ্রমিকদের তৎকালীন স্বাধীনতা আন্দোলনে কিভাবে চতুরতা দেখিয়েছিল সেই বিষয়ে আলোকপাত করেন। এই মনোজ্ঞ আলোচনাতে বক্তারা
ভারতীয় ইতিহাসকে ব্রিটিশ দাম্ভিকতার গর্ব থেকে মুক্ত করে পুরোপুরি ভারতীয় করে তুলতে অভিমত ব্যক্ত করেন। স্বাধীনতা সংগ্রামে সাভারকারের মত বিপ্লবীদের অসহনীয় কষ্ট কিন্তু পরবর্তীকালে ইতিহাসে তারা ব্রাত্য, তৎকালীন শাসকদের ইতিহাসে আধিপত্যের কথাও আলোচনাতে উঠে আসে। তিনজন আমন্ত্রিত অতিথি যথাক্রমে অসিত চক্রবর্তী, ড. নিলাঞ্জন দে ও বিবেকানন্দ মোহন্ত ও কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তীকে মঞ্চে বরনের পর উদ্বোধনী সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় ।



