তিন বছরের আয়-ব্যয়ের হিসাব ও অম্রুত জল প্রকল্পের কাজ খতিয়ে দেখে পদক্ষেপ, শনিবার প্রকাশিত হতে পারে লিখিত নির্দেশ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শিলচর পুরনিগমের আর্থিক ব্যবস্থাপনা এবং অম্রুত জল প্রকল্পের কাজ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। সাসপেন্ডের নির্দেশপ্রাপ্ত আধিকারিকরা হলেন শিলচর পুরনিগমের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার (FMO) দেবাশিস শইকিয়া এবং শিলচর আরবান স্যুয়ারেজ ওয়াটার বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রত্নজিত দেব রায়।
শুক্রবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের নতুন কনফারেন্স হলে রাজ্যের আবাসন ও নগর বিষয়ক বিভাগের উদ্যোগে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, ওই বৈঠকে শিলচর পুরনিগমের গত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে গিয়ে একাধিক অসঙ্গতি নজরে আসে। এর পরিপ্রেক্ষিতেই পুরনিগমের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার দেবাশিস শইকিয়াকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, অম্রুত জল প্রকল্পের নির্মাণকাজের গুণমান নিয়ে অভিযোগ এবং প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নে আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রত্নজিত দেব রায়ের বিরুদ্ধেও সাসপেনশনের নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে শনিবার এই সংক্রান্ত লিখিত নির্দেশ প্রকাশ করা হতে পারে। তবে অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য এখনও জানা যায়নি।
শুক্রবারের এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রাই, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক ডা. রাজদীপ রায়, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, বিভাগের রাজ্য সচিব ড. জীবন বি, কবিতা পদ্মনাভন-সহ অন্যান্য আধিকারিকরা।
শিলচর পুরনিগমের আর্থিক হিসাব এবং অম্রুত জল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



