অসমে স্নাতকোত্তর মেডিক্যালের আরও ৪৩টি আসন, মোট সংখ্যা বেড়ে ৮৩৯

< 1 - মিনিট |

লখিমপুর ও ডিফু মেডিক্যাল কলেজে নতুন আসনে অনুমোদন জাতীয় মেডিক্যাল কমিশনের; সাতটি ক্লিনিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির সুযোগ বাড়বে

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি: চিকিৎসা শিক্ষার পরিকাঠামো সম্প্রসারণে আরও এক ধাপ এগোল অসম। রাজ্যের দুটি মেডিক্যাল কলেজে স্নাতকোত্তর স্তরে (পিজি) নতুন করে ৪৩টি আসনের অনুমোদন দিয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)। এর ফলে অসমে পিজি মেডিক্যাল আসনের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৯।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার এই ঘোষণা করেন। লখিমপুর মেডিক্যাল কলেজ এবং ডিফু মেডিক্যাল কলেজে নতুন আসনগুলি অনুমোদিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, অনুমোদিত ৪৩টি আসনই ক্লিনিক্যাল বিভাগের অন্তর্গত।

নতুন আসনগুলি সাতটি বিষয়ে বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমডি জেনারেল মেডিসিন, এমডি অ্যানাস্থেসিওলজি, এমডি পেডিয়াট্রিকস, এমডি প্যাথলজি, এমডি রেডিও-ডায়াগনোসিস, এমএস জেনারেল সার্জারি এবং এমএস অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি।

ধনতেরস উপলক্ষে এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন আসন চালু হওয়ায় রাজ্যের তরুণ চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষার সুযোগ আরও বাড়বে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ধনতেরসে অসমের জন্য আরও এমডি আসন যুক্ত হওয়া ভবিষ্যতের চিকিৎসকদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল।

রাজ্য সরকারের মতে, পিজি আসন বৃদ্ধির ফলে অসমে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির পরিসর সম্প্রসারিত হবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষার পরিকাঠামো শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবায় দক্ষ চিকিৎসকের জোগানও বাড়তে পারে। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। নতুন অনুমোদনের ফলে বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষার জন্য অসমের ছাত্রছাত্রীদের অন্য রাজ্যের উপর নির্ভরতা কিছুটা কমানোর সুযোগও তৈরি হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *